দেশজুড়ে

ডাল কাটতে উঠে গাছেই যুবকের মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে গাছের ডাল কাটতে উঠে পারভেজ হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের কইরাস গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ একই উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের কাদবা গ্রামের ইয়াকুবের ছেলে। তিনি পেশায় গাছ কাটার কাজ করতেন।

নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খন্দকার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে পারভেজ কইরাস গ্রামের প্রবাসী গোলাম আজমের বাড়িতে গাছের ডাল কাটার জন্য একটি কড়ই গাছে ওঠেন। এক পর্যায়ে তিনি গাছেই মারা যান। তার মরদেহ গাছেই ঝুলছিল। খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পৌনে ৬টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এসআই আনোয়ার হোসেন বলেন, মরদেহ গাছ থেকে নামিয়ে থানায় আনা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হবে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস