রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ৫৯৭ বোতল ফেনসিডিলসহ মো. আইয়ুব রহমান (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব জানায়, আইয়ুব রহমান প্রাইভেটকারে করে ফেনসিডিল বিক্রি করছিল।
শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার ভোরে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ৫৯৭ বোতল ফেনসিডিলসহ আইয়ুব রহমানকে আটক করে র্যাব-১০ এর একটি আভিযানিক দল। এসময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোবাইল জব্দ করা হয়।
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, আইয়ুব একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা হয়েছে।
টিটি/এমএএইচ/এএসএম