রাজনীতি

হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে: পাটওয়ারী

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ফেসবুক অ্যাকাউন্ট ট্যাগ করে একটি পোস্টে এ প্রসঙ্গ তোলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘Hasnat Abdullah কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।’

পরে তিনি মন্তব্যের ঘরে লেখেন, ‘২৪ এর হত্যাকাণ্ড ও শহীদ ওসমানের খুনীদের বিচার কিন্তু আমরা করেই ছাড়বো।’

এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে ফেসবুকে খুঁজলেও তাকে আকস্মিকভাবে বান্দরবানের পাহাড়ি জনপদ লামা ও আলীকদম উপজেলায় দেখা গেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) তাকে ওই এলাকায় দেখা যায়। হাসনাত আবদুল্লাহর আকস্মিক সফর ঘিরে জনমনে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে হাসনাত আবদুল্লাহ লামা উপজেলার ইয়াংছা চেকপোস্ট সংলগ্ন একটি মসজিদে জোহরের নামাজ আদায় করেন। পরে তাকে লামা বাজারে এবং পরে আলীকদম বাজারে ও মাতামুহুরি নদীতে ভ্রমণ করতে দেখা যায়।

নীল জিন্স প্যান্ট, কালো জার্সি ও মুখে মাস্ক পরে তিনি ঘুরে বেড়ান। তার সঙ্গে কয়েকজন সঙ্গী ছিলেন। আকস্মিকভাবে তার এই সংক্ষিপ্ত সফর বিষয়ে তেমন কিছু জানা যায়নি।

এনসিপির লামা উপজেলা সমন্বয়কারী মো. নাজমুল হোসেন জানান, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর এ সফর সম্পর্কে সাংগঠনিকভাবে কিছুই জানানো হয়নি। তিনি পরে সফরের বিষয়ে জেনেছেন। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সফর ছিল।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়।

অন্তর্বর্তী সরকারের অধীনে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি নেতৃত্বাধীন সরকার। এই নির্বাচনে হাসনাত কুমিল্লা থেকে জয়ী হলেও ঢাকা–৮ আসনে লড়ে হেরে যান নাসীরুদ্দীন।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খুলছেন নেতার্মীরা। সেগুলো আবার বন্ধ করে দিচ্ছেন এনসিপির নেতার্মীরা।

এমএমএআর/