জাতীয়

চট্টগ্রামে বে-টার্মিনাল নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ

চট্টগ্রামে ‘বে-টার্মিনাল নির্মাণ’ প্রকল্পের আওতায় আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কোরিয়ার দুই কোম্পানিকে নিয়োগ দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার টাকা।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভা শেষে অর্থমন্ত্রী বলেন, আজকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১০ম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য একটি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য (টেবিলে ৩টি উপস্থাপনসহ) ১১টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ৩টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২টি, কৃষি মন্ত্রণালয়ের একটি, পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি, নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি এবং সেতু বিভাগের একটি প্রস্তাবনা ছিল। এর মধ্যে ক্রয় কমিটির অনুমোদিত ১০টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক চট্টগ্রামে ‘বে-টার্মিনাল নির্মাণ’ পিপিপি প্রকল্পের আওতায় আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। যৌথভাবে কাজটি পেয়েছে কোরিয়ার কুনওয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটিং কোম্পানি লিমিটেড এবং ডিয়েনইয়াং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। এতে মোট ব্যয় হবে ১২৬ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৯৮৬ টাকা।

সভায় অনুমোদিত অন্যান্য প্রস্তাবগুলো হলো- পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ‘রাজশাহী জেলার চারঘাট ও বাঘা উপজেলায় পদ্মা নদীর বাম তীরের স্থাপনাসমূহ নদী ভাঙন হতে রক্ষা’ প্রকল্পের (প্যাকেজ নং- ডিআর-১, লট-ই) ড্রেজিং। অ্যাকোয়া মেরিন ড্রেজিং লিমিটেড এবং নবারুণ ট্রেডার্স লিমিটেড এটি বাস্তবায়ন করবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে২৭ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার ৩৭১ টাকা।

এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর কর্তৃক ‘নাটোর রোড (রুয়েট) হতে রাজশাহী বাইপাস রোড পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ (২য় সংশোধিত)’ প্রকল্প। এ প্রকল্পের ব্যয় বৃদ্ধি করা হয়েছে ৩৮ কোটি ২২ লাখ ৪১ হাজার ৭৮৫ টাকা। আব্দুল মোনেম লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করছে।

আইএইচআর/কেএসআর/জিকেএস