চট্টগ্রামের আনোয়ারায় এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. শহীদ (২২) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুন) দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শহীদ হাইলধর গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা।
ভুক্তভোগীর পরিবার ও থানা সূত্রে জানা যায়, আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের দক্ষিণ দেওতলা গ্রামের নবম শ্রেণীর এক ছাত্রী জন্মনিবন্ধন সংশোধনের জন্য তার মাকে নিয়ে উপজেলায় যায়। এ সময় ওই ছাত্রীর কথিত প্রেমিক শহীদ তাদের অনুসরণ করে সেখানে যায়।
একপর্যায়ে শহীদ তাদের সঙ্গে দেখা করে। এরপর ভুক্তভোগীর মাকে মুক্তিযোদ্ধা ভবনে বসিয়ে রেখে তথ্য অফিসে যাওয়ার কথা বলে কৌশলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিমে নির্মাণাধীন একটি ভবনে নিয়ে তাকে ধর্ষণ করে।
পরে ভুক্তভোগী শিক্ষার্থী এ ঘটনার কথা জানালে শুক্রবার তার মা আনোয়ারা থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে শহীদকে গ্রেফতার করে।
এ বিষয়ে আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ভুক্তভোগীর মায়ের অভিযোগ পেয়ে আমরা দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শহীদকে গ্রেফতার করি। তাকে ধর্ষণ মামলায় আদালতে পাঠানো হয়েছে।
ইকবাল হোসেন/এমপি/এমএস