দেশজুড়ে

বান্দরবানে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বান্দরবানে রেশমী আক্তার (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যায় লামা উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নুনারঝিরি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই কিশোরী নুনারঝিরি এলাকার মো. আলাউদ্দিন মেয়ে ও লাইনঝিরি মোহাম্মদীয়া দাখিল মাদরাসা থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, তার বাবা-মা লাইনঝিরি বাজারে নিজেদের দোকানে ছিলেন এবং বাসায় সে ছাড়া কেউ ছিল না। স্থানীয়রা খবর দিলে স্বজনরা এসে তাকে রান্না ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে কেন বা কী কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

লামা থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দ্র কুমার কুর্মী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নয়ন চক্রবর্তী/এমআরআর/জেআইএম