কুমিল্লায় সংঘবদ্ধ ধর্ষণের পর এক শিশুকে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১১টায় কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা এলাকার মৃত লাল মিয়ার ছেলে বাচ্চু মিয়া ও একই এলাকার মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে আমির হামজা।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৫ মার্চ মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা এলাকার ছায়েদুল হকের বড় মেয়েকে ধর্ষণ করতে যান বাচ্চু এবং আমির হামজা। কিন্তু তাকে না পেয়ে তার ১০ বছর বয়সী ছোটবোনের ওপর চড়াও হয়ে তাকে ধর্ষণ করেন আসামিরা। এসময় শিশুটি বাবাকে সব বলে দিবে বললে ঘরে থাকা বটি দিয়ে তাকে কুপিয়ে জখম করে ফেলে যান আসামিরা। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শিশুর বাবা ছায়েদুল হক বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। পরে আদালতে তোলা হলে বিচারকের কাছে ঘটনার দায় স্বীকার ১৬৪ ধারায় জবানবন্দি দেন উভয়েই। দীর্ঘ শুনানির পর এ ঘটনায় মঙ্গলবার দুই জনের ফাঁসির আদেশ দেওয়া হয়।
কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত জাগো নিউজকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহিদ পাটোয়ারী/এমআরআর/জেআইএম