রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোরী নিহত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় হায়দার হোটেলের গলিতে এ ছুরিকাঘাত করা হয়।
নিহত কিশোরীর নাম শাহরিয়ার শারমিন বিন্তি (১৪)। সে রায়েরবাজার হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা বেলাল হোসেন শরীয়তপুরের সখিপুর থানার কাছিকাটা এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে হায়দার হোটেলের পাশে বাবু কমিশনারের বাড়িতে ভাড়া থাকেন।
হামলার পর শারমিনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
বেলাল হোসেন জানান, রাতে গলির ভেতর অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে শারমিনকে পেছন থেকে আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসলে সে মারা যায়। কে বা কারা কী কারণে তাকে ছুরিকাঘাত করেছে এ বিষয়ে বেলাল কিছু বলতে পারেননি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, প্রেমঘটিত বিষয় নিয়ে ছুরিকাঘাত করে ওই শিক্ষার্থীকে হত্যা করা হতে পারে।’
হত্যাকারীর নাম জানা গেছে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘আমরা এখন পর্যন্ত এর বেশি কিছু জানতে পারিনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
কেএজেডআইএ/টিটি/একিউএফ