ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ করেছেন দক্ষিণ জেলা বিএনপি।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে নগরীর ধর্মসাগরপাড় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে এসে মিলিত হয়।
বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশীদ ইয়াছিনের নেতৃত্বে মিছিলে অংশ নেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হাজি জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারি আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে হাজি আমিনুর রশীদ ইয়াছিন বলেন, গণতন্ত্র রক্ষা ও গণতন্ত্রের মাতাকে মুক্ত করতে হয়তো আমার ভাই নয়নের মতো আরও অনেককে রক্ত দিতে হবে। আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। তারপরও এই জুলুমবাজ সরকার থেকে গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমাদের প্রাণ প্রিয় নেতা নয়নের আত্মত্যাগকে বুকে ধারণ করে ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগীয় সম্মেলনকে সফল করতে হবে।
জাহিদ পাটোয়ারী/জেএস/এমএস