শিক্ষা

‘মানসম্মত শিক্ষা প্রদানে বিইউপিতে ব্যয় কিছুটা বেশি’

দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চাইতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) শিক্ষা ব্যয় কিছুটা বেশি। তবে উন্নত শিক্ষা নিশ্চিত করতেই এই ব্যয় বেশি বলে জানান বিইউপি’র ইনফরমেশন অ্যান্ড পাবলিকেশন্সের (পিআরআইপি) চিফ এয়ার কমোডর মো. মামুনুর রশীদ।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চাইতে বিইউপিতে শিক্ষা ব্যয় কিছুটা বেশি। সরকারি বরাদ্দের ৬০ শতাংশ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বেতনে ব্যয় হয়। ৪০ শতাংশ শিক্ষাখাতে ব্যয় করা সম্ভব হয় বলে শিক্ষার্থীর ব্যয় কিছুটা বেশি। বিইউপি’র শিক্ষার্থীদের শিক্ষার সঙ্গে কর্মমুখী শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা, শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ করে তোলা হয়।

শিক্ষার্থীদের উন্নত শিক্ষা নিশ্চিত করতে ব্যয় কিছুটা বেশি বলেও জানান তিনি।

পিআরআইপির চিফ বলেন, আগামী জানুয়ারি থেকে বিইউপির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কোর্সের চতুর্থ ব্যাচ শুরু হতে যাচ্ছে। চাহিদাসম্পন্ন গণমাধ্যমকর্মী তৈরি করা হবে আমাদের মূল লক্ষ্য। চার বছরের এই কোর্সের জন্য ৪২টি কোর্স কারিকুলাম তৈরি করা হয়েছে। আট সেমিস্টার পর শিক্ষার্থীদের হাতে-কলমে শিখতে ১৩ সপ্তাহ সময় দেওয়া হবে। এ সময় তারা বিভিন্ন গণমাধ্যমে ইন্টার্নি করার সুযোগ পাবেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মামুনুর রশীদ বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন মিডিয়ায় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করতে পারবে। ক্যাম্পাসে শিক্ষার্থীরা সাংবাদিক সমিতি গঠন করতে পারবে। যেহেতু এটি বিইউপি সেনাবাহিনীর মাধ্যমে পরিচালিত হওয়ায় প্রতিষ্ঠান ও রাষ্ট্রের ইমেজ ক্ষুণ্ণ হয় এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে কিছু নির্দেশনা থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুন, আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তরের পরিচালক, বিইউপির কর্মকর্তা ও বিভিন্ন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

এমএইচএম/জেডএইচ/এএসএম