দেশজুড়ে

পিআরএলে থাকা সিআইডি কর্মকর্তার গাড়িতে ডাকাতি

 

ঈদে বাড়ি ফেরার পথে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহানের গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার (১৯ এপ্রিল) রাতে কুমিল্লা-চাঁদপুর সড়কের হাজী এন্টারপ্রাইজের সামনে এ ঘটনা ঘটেছে। ডাকাতের কবলে পড়া শাহজাহান চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী গ্রামের বাসীন্দা।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম ভূঁইয়া জাগো নিউজকে বলেন, অবসরে আসা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় তার সঙ্গে ছিলেন পরিবারের চার সদস্য ও গাড়িচালক। রাত সোয়া একটার দিকে কুমিল্লা-চাঁদপুর সড়কের হাজী এন্টারপ্রাইজের সামনে পৌঁছলে গাড়িতে রড নিক্ষেপ করে ডাকাত দল। এতে বিকট শব্দ হলে চালক গাড়ি থামাতেই ঘিরে ফেলে ডাকাতদল। মুহূর্তেই সবকিছু লুট করে নিয়ে যায় তারা।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ডাকাতদল নগদ তিন লাখ ৭০ হাজার টাকা ও বিদেশি ঘড়ি নিয়ে য়ায়। সব মিলিয়ে প্রায় চার লাখ টাকা হবে। এ সময় পুলিশ কর্মকর্তার শরীরেও আঘাতের চেষ্টা করেছে তারা। এ ঘটনায় বরুড়া থানায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

এ বিষয়ে জানতে সিআইডির অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

জাহিদ পাটোয়ারী/এমএএইচ/