কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা খাদে পড়ে গেছে। এ ঘটনায় মহিউদ্দিন (৩৮) নামের এক যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (৩ মে) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন দেবীদ্বার পৌরসভা এলাকার ভিংলাবাড়ি গ্রামের আলমাস মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে কোম্পানীগঞ্জ বাস টার্মিনালের উত্তর পাশে মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন দেবীদ্বার জোনের ট্রাফিক পরিদর্শক তারিকুল ইসলাম। এসময় তিনি একটি অটোরিকশাকে সিগন্যাল দিলে তা গতিরোধ না করে চলে যায়। এতে ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেল নিয়ে অটোরিকশাটিকে পেছন থেকে ধাওয়া করেন পরিদর্শক তারিকুল ইসলাম।
অটোরিকশাটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা লেগে খাদে পড়ে যায় অটোরিকশা। এতে ঘটনাস্থলেই মারা যান যাত্রী মহিউদ্দিন। পরে ট্রাফিক পরিদর্শক তারিকুল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে ট্রাফিক পরিদর্শক তারিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, সকাল থেকে বিভিন্ন যানবাহনের কাগজপত্র তল্লাশি করছিলাম। কিন্তু দুর্ঘটনাকবলিত গাড়ির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আপনাদের মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি জানতে পেরেছি।
হাইওয়ে পুলিশের মিরপুর ফাঁড়ির পরিদর্শক আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে তা এখনো পরিষ্কার না। স্থানীয়ভাবে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।
জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস