‘জীবনে প্রথমবার আমি হাইকোর্টে এসেছি। এসব বিষয় নিয়ে আদালতে আসাটাও আমার জন্য ভেরি স্যাড (দুঃখজনক)।’ বুধবার (১৪ জুন) হাইকোর্টে শুনানি শেষে বেরিয়ে এভাবেই সাংবাদিকদের প্রতিক্রিয়া জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।
এর আগে সকালে ফিফার টাকা নিয়ে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে গণমাধ্যম ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন কোনো ধরনের মতামত প্রকাশ করতে পারবেন না বলে আদেশ দেন হাইকোর্ট।
একইসঙ্গে কাজী সালাউদ্দিনকেও মতামত দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বুধবার (১৪ জুন) হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আরও পড়ুন>> বাফুফে-সালাউদ্দিনকে নিয়ে সুমনের বক্তব্য সরানোর নির্দেশনা চেয়ে রিট
মঙ্গলবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সব মানহানিকর বক্তব্য সরাতে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বাফুফে সভাপতি।
এর আগে ৬ জুন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও কাজী সালাউদ্দিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করায় ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ ১৭ ব্যক্তি/সংস্থাকে আইনজীবী আজমালুল হোসেন কিউসির মাধ্যমে লিগ্যাল (আইনি) নোটিশ পাঠান সালাউদ্দিন।
আরও পড়ুন>> বাফুফের সালাউদ্দিন-মুর্শেদী-সোহাগের দুর্নীতি অনুসন্ধানের নির্দেশ
এছাড়া বাফুফে থেকে সদ্য পদত্যাগ করা নির্বাহী সদস্য আরিফ হোসেন মুন, ক্রীড়া সংগঠক শাকিল মাহমুদ চৌধুরীকেও একই নোটিশ দেওয়া হয়। পাশাপাশি গণমাধ্যমে প্রচারিত কিছু সংবাদ ও গণমাধ্যমে বক্তব্য দেওয়া একটি টিভি চ্যানেল এবং পত্রিকার সংবাদকর্মীদেরও আইনি নোটিশ দিয়েছেন সালাউদ্দিনের আইনজীবী।
এফএইচ/এএএইচ/এমএস