খেলাধুলা

একটি সিরিজ খারাপ খেলা মানেই খারাপ দল হয়ে যাওয়া নয়: মিরাজ

বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। ভারতের মাটিতে অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষেই প্রথম ম্যাচ বাংলাদেশের। তারও আগে এশিয়া কাপেও আফগানদের সাথে দেখা হবে টাইগারদের। সর্বোপরি রশিদ, নবি, মুজিব, ফজলহক ফারুকি, ইবরাহিম জাদরান এবং রহমানুল্লাহ গুরবাজদের সাথে লিটন, সাকিব, মুশফিক, মিরাজদের শত্রুতাতো অনেক পুরনো।

সে কারণেই আফগানদের কাছে হারটা অনেক বড় বলে ভাবা হচ্ছে। বিশ্বকাপের আগে চট্টগ্রামে ওয়ানডে সিরিজ হারিয়ে বসা তাই অনেক বড় ঘটনা আর বড় ব্যর্থতা বলেই বিবেচিত হচ্ছে।

বৃষ্টি ভেজা প্রথম ম্যাচে ডিএল মেথডে ১৭ রানের পর শনিবার ১৪২ রানের বিশাল পরাজয়ে কিছু প্রশ্ন দেখা দিয়েছে টাইগার ভক্ত ও সমর্থকদের মনে। প্রথম প্রশ্ন, বিশ্বকাপের আগে দেশের মাটিতেই এমন ছন্দপতন, বাংলাদেশ কি তাহলে আফগানিস্তানের চেয়েও শক্তিতে দুর্বল, কমজোরি।

বিশ্বকাপে প্রথম খেলায় আফগানিস্তানের কাছে হেরে যাবে? ইতিহাস সাক্ষী, যে কোন সিরিজ, সফর আর আসরে শুরুটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের। বিশ্বকাপে আফানিস্তানের কাছে হার দিয়ে শুরু হলে না আবার পুরো আসরে ব্যর্থতার ঘানি টানতে হয়?

ভক্ত ও সমর্থকদের মনে জেগেছে প্রশ্ন, সংশয়, সন্দেহ। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ তাদের আশ্বস্ত করতে চান। টিম বাংলাদেশের এ নির্ভরযোগ্য অলরাউন্ডার কিছুতেই নিজেদেরকে আফগানদের চেয়ে কমজোরি ও দূর্বল দশ মানতে নারাজ। মিরাজের ব্যাখ্যা, ‘এই সিরিজ হারা মানেই আমরা খারাপ দল না।’

মিরাজের দাবি, ‘আমরা ৩-৪ বছর ধরে যেভাবে খেলছি সেই রেকর্ড কথা বলবে। আমরা যে এখন সুপার লিগে তিন নম্বর অবস্থানে আছি সেটা কিন্তু বড় দলগুলোকে হারিয়েই। আমরা ২৪ ম্যাচ খেলেছি ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের বিপক্ষে। তাদের সঙ্গে খেলে পয়েন্ট পেয়েছি। হয়ত একটা দুটা সিরিজ খারাপ হতেই পারে। তবে এই সময়টা আমাদের কাছে কাজে লাগাতে হবে আরকি।’

আগের দুই খেলার ফলে নিরাশ না হয়ে ভুল-ত্রুটি শুধরে নেয়ার জোর তাগিদ মিরাজের কন্ঠে। ‘এই দুটো ম্যাচে যে ভুলগুলো হয়েছে সামনে আমাদের অনেক বিগ টুর্নামেন্ট আছে, আফগানদের সঙ্গেও খেলা আছে সেখানে। এই দুই ম্যাচের ভুলগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা উচিৎ। তাহলে আমরা অবশ্যই ভাল করতে পারব।’

গত দুই ম্যাচের পারফরমেন্স ছিল যাচ্ছেতাই। ফলটাও প্রতিকূলে। তারপরও ওই ২ খেলায় বাংলাদেশ দলের সত্যিকার চিত্রটা পরিষ্কার হয়েছে। টাইগার অলরাউন্ডার মিরাজ খারাপের মাঝেও একটা ভাল দিক খুঁজে পেতে চান। তার অনুভব, ‘বাংলাদেশের সত্যিকার অবস্থাটা পরিস্কার হয়েছে। দূর্বলতাগুলো বেরিয়ে এসেছে। ঘাটতির জায়গা গুলোও উন্মোচিত হয়েছে।’

‘এই সিরিজ হারায় আমি মনে করি একটা দিক ভাল হয়েছে যে, আমরা হয়ত হেরেছি কিন্তু আমাদের কোথায় দুর্বলতা আছে, কিসে ঘাটতি, কোথায় উন্নতি করতে হবে সেটা নিয়ে কাজ করতে পারব। যেহেতু বিশ্বকাপ ও এশিয়া কাপে আফগানিস্তানের সঙ্গেই খেলা আছে, সেখানে আমরা ওদের বিপক্ষে কিভাবে খেলবো, কি পরিকল্পনা সাজাবো কোন বোলারকে টার্গেট করব। বা কিভাবে আমরা বোলিং করে ওদের ব্যাটারদের থামাতে পারি এবং ব্যাটিংটা কেমন হওয়া দরকার- এই পরিকল্পনাগুলো করতে পারব। যেহেতু বিশ্বকাপের আগে তিন মাস এবং এশিয়া কাপের আগে দেড় মাস আছে, এই সময়ে প্রতি ক্রিকেটাররা ব্যাক্তিগতভাবে পরিকল্পনা করতে পারব। আমার কাছে মনে হচ্ছে যেহেতু সামনে সময় আছে এটা আমাদের জন্য ভাল হবে।’

এআরবি/আইএইচএস