দেশজুড়ে

‘আমার নাড়ি ছেঁড়া ধন জীবিত নাকি মৃত খবর পাচ্ছি না’

কুমিল্লার বরুড়ায় নিখোঁজের ১৫ দিনেও সন্ধান মেলেনি মো. মোয়াজ (১৪) নামে অষ্টম শ্রেণির এক মাদরাসা ছাত্রের। নাওয়া খাওয়া ভুলে বিভিন্ন স্থানে ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন বাবা-মা। এ ঘটনায় বরুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ মোয়াজ উপজেলার আদ্রা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মাওলানা মোস্তফা কামাল পাটোয়ারীর একমাত্র ছেলে। সে শশিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র।

মোয়াজের বাবা মাওলানা মোস্তফা কামাল পাটোয়ারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ১২ আগস্ট মাগরিবের নামাজের উদ্দেশ্যে মোয়াজ ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। এরপর থেকে বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ১৯ আগস্ট বরুড়ায় থানায় একটি নিখোঁজ ডায়েরি করি।

তিনি আরও বলেন, আমার একমাত্র ছেলেকে হারিয়ে এখন আমি নিঃস্ব হয়ে গেছি। সন্তানের শোকে তার মা খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে। আমিও পাগলের মতো বিভিন্ন স্থানে খুঁজে বেড়াচ্ছি। প্রশাসনের কাছে একটায় চাওয়া আমার ছেলের সন্ধান চাই।

মোয়াজের মা হালিমা বেগম বলেন, আমার নাড়ি ছেঁড়া ধন মোয়াজ জীবিত আছে, নাকি মৃত কোনো খবর পাচ্ছি না। কে বা কারা তাকে আপহরণ করেছে তাও জানি না। পুলিশ প্রসানের কাছে অনুরোধ তারা সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে যেন আমার সন্তানের সন্ধান দেন।

এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জাগো নিউজকে বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোয়াজের সন্ধান পেতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জাহিদ পাটোয়ারী/এসজে/এএসএম