কুমিল্লার লালমাইতে বিএনপির বর্ধিতসভায় হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উভয় পক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের উন্দালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ইউনিয়ন বিএনপির বর্ধিতসভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এ সময় স্বেচ্ছাসেবকদল নেতা মনির হোসেন ও যুবদল নেতা ফিরোজের পায়ে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সভাস্থল ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরেও হামলা চালানো হয়।
আরও পড়ুন: চাঁদপুরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, অর্থমন্ত্রীর ভাতিজা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনের নেতৃত্বে এ হামলা হয়। আমরা কি কর্মিসভাও করতে পারব না। হামলার সময় উন্দানিয়া গ্রামে বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
এ বিষয়ে লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিন মোল্লা জাগো নিউজকে বলেন, বিকেলে শান্তিপূর্ণ মিছিল করছিলাম। বিএনপির নেতাকর্মীরা হঠাৎ আমাদের মিছিলে গুলি করে। এতে আমাদের ১৫ জন নেতাকর্মী আহত হয়। এ বিষয়ে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হানিফ সরকার জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম