স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, রাজনীতিতে রাষ্ট্রদূতদের অযাচিত হস্তক্ষেপ শিষ্টাচার বহির্ভূত। জনগণই সিদ্ধান্ত নেবে দেশের রাজনীতি ও নির্বাচনের বিষয়ে। আগামী সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতির সমালোচনা করে মন্ত্রী বলেন, ফিলিস্তিনে মুসলমানদের বিরুদ্ধে ইসরাইলের নির্মম বর্বরতার পক্ষে যারা সাফাই গায় ও অস্ত্র গোলাবারুদ দিয়ে সমর্থন দেয়, তারাই আমাদের দেশে মানবাধিকার ও গণতন্ত্রের কথা বলে।
তিনি আরও বলেন, সামরিক শাসক ও বিএনপি-জামায়াতের শাসনামলে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিলেন। শেখ হাসিনার সরকার নেতৃত্বে আসার পর থেকে মুক্তিযোদ্ধাদের কল্যাণে ধাপে ধাপে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ মুক্তিযোদ্ধারা সমাজে সম্মানের আসনে প্রতিষ্ঠিত।
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল মান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
জাহিদ পাটোয়ারী/এএইচ/জেআইএম