দেশজুড়ে

তনুর হত্যাকারীদের বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ

সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ১টার মধ্যে এসব কর্মসূচি পালন করা হয়।বিএম কলেজ সাধারণ শিক্ষার্থী, সম্মিলিত নারী নির্যাতন প্রতিরোধ সামাজিক কমিটি এবং জীবনের আলো স্বেচ্ছাসেবী ও রক্তদাতা সংগঠনের ব্যানারে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিএম কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে তনুর ধর্ষক ও হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, বিএম কলেজ মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ সাজেদা, ছাত্রমৈত্রী বিএম কলেজ শাখার সভাপতি ইমরান নূর নিরব, সাধারণ সম্পাদক জয় চক্রবর্তী, ছাত্র ইউনিয়ন কলেজ শাখার সভাপতি এবি সিদ্দিক, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কলেজ শাখার সভাপতি নান্না ফকিরসহ অন্যান্যরা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে শেষ হয়। এদিকে একই দাবিতে সম্মিলিত নারী নির্যাতন প্রতিরোধ সামাজিক কমিটি এবং জীবনের আলো স্বেচ্ছাসেবী ও রক্তদাতা সংগঠনের উদ্যোগে নগরীর সদর রোড টাউন হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন। এ সময় বক্তব্য রাখেন-উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, নারী নেত্রী নুরজাহান বেগম ও রহিমা সুলতান কাজলসহ অন্যান্যরা। বক্তারা তনুর হত্যাকারীদের গ্রেফতার করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে বের হওয়া বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলের সামনে শেষ হয়।সাইফ আমীন/এসএস/এবিএস