চট্টগ্রামে দুই স্বর্ণের দোকানের কর্মচারী থেকে ডিবি পুলিশ পরিচয়ে ২০৫ ভরি স্বর্ণ লুটের ঘটনায় গ্রেফতার রেলওয়ে নিরাপত্তার বাহিনীর (আরএনবি) হাবিলদার মেজবাহ উদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।এর আগে মামলাটির তদন্ত সংস্থা সিআইডির সাব ইন্সপেক্টর জাহাঙ্গির আলম আদালতের কাছে হাবিলদার মেজবাহ উদ্দিনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।চট্টগ্রাম আদালতের জেলা পুলিশ পরিদর্শক মশিউর রহমান রিমান্ডে নেয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ৭ দিন রিমান্ডের আবেদন করলে আজ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।গত ২০ মার্চ (রোববার) পুলিশ সদর দফতরের এক আদেশে সোনার পাত ছিনতাইয়ের মামলার তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেয়া হয়।পাহাড়তলী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ফাঁড়িতে নিয়ে ডিবি পরিচয়ে স্বর্ণের দোকানের দুই কর্মচারীর কাছ থেকে ২০৫ ভরি গলানো স্বর্ণের পাত ছিনিয়ে নেয়ার ঘটনায় অভিযোগ উঠেছে, ২৯ ফেব্রুয়ারি সোমবার নগরীর হাজারী গলির দুই স্বর্ণ ব্যবসায়ী পলাশ ধর ও বিশ্বজিত চক্রবর্তী ২শ ৫ ভরি স্বর্ণ নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সকালে পাহাড়তলী রেলওয়ে স্টেশন যান। সেখানে ঢাকাগামী মহানগর ট্রেনের জন্য অপেক্ষাকালে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন নিরাপত্তা কর্মী দুই ব্যবসায়ীকে তল্লাশি করেন। এ নিয়ে তাদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের বাকবিতণ্ডা হলে দুই ব্যবসায়ীকে নিরাপত্তা বাহিনী কক্ষে নিয়ে মারধর করে তাদের কাছ থেকে স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় সেখানে ফাঁড়ির ইনচার্জ আরএনবির হাবিলদার মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।এ ব্যাপারে মামলা হলেও ঘটনার দেড় মাস পরও ছিনতাইকৃত স্বর্ণ উদ্ধার এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। পরে মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়। ঘটনার পর হাবিলদার মেজবাহ উদ্দিনকে গ্রেফতার এবং তাকে রেলের নিরাপত্তা বাহিনী থেকে সাময়িক বরখাস্ত করা হয়।জীবন মুছা/এসএইচএস/আরআইপি