দেশজুড়ে

খুলনায় ফেব্রুয়ারিতে ৬টি হত্যা : ২২৪টি অপরাধ

খুলনায় ফেব্রুয়ারি মাসে ৬টি হত্যাকাণ্ডসহ ২২৪টি আইনবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। মঙ্গলবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ তথ্য দেয়া হয়।সভার শুরুতে জেলা ও মহানগরীতে প্রতিটি মসজিদের ইমামদের বায়োডাটা দ্রুত সংগ্রহ এবং সকল মসজিদের ইমামদের মাধ্যমে সন্ত্রাস এবং নাশকতার বিরুদ্ধে জনগণকে সচেতন করার জন্য ইসলামিক ফাউণ্ডেশনের দৃষ্টি আর্কষণ করা হয়। এ সময় নগরীতে থ্রী হুইলার যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ, ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা এবং হাদিস পার্ক থেকে ডাকবাংলা পর্যন্ত অবৈধ হকারদের উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। এছাড়াও খুলনা সিটি কর্পোরেশনের অনুমোদিত ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপে অচিরেই ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয় ও নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের ওপর গুরুত্ব দেয়া হয়। এ সময় রাতে মহানগরীতে পুলিশের টহলদারী জোরদার করতে কেএমপিকে অনুরোধ জানানো হয়।আইনশৃঙ্খলা প্রতিবেদনে জানানো হয়, খুলনা মহানগরীর আটটি থানায় গত ফেব্রুয়ারি মাসে রাহাজানি ১টি, চুরি ৮টি, খুন ৩টি, অস্ত্রআইনে ১টি, দ্রুত বিচারে ১টি, নারী ও শিশু নির্যাতন ৯টি, নারী ও শিশু পাচার ১টি, মাদকদ্রব্য ৫৭টি এবং অন্যান্য ৩৩টিসহ মোট ১১৪টি মামলা দায়ের হয়েছে। গত জানুয়ারি মাসে এ সংখ্যা ছিল ১২০টি।এছাড়া জেলার নয়টি থানায় গত ফেব্রুয়ারি মাসে ডাকাতি ১টি, চুরি ৪টি, খুন ৩টি, অস্ত্র আইনে ১টি, ধর্ষণ ২টি, নারী ও শিশু নির্যাতন ৭টি, নারী ও শিশু পাচার ১টি, মাদকদ্রব্য ২৮টি এবং অন্যান্য আইনে ৬২টিসহ মোট ১১০টি মামলা দায়ের হয়।সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল আহসান। এতে উপদেষ্টা এস এম মোস্তফা রশিদী সুজা এমপি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুর-ই-আলম, অতিরিক্ত পুলিশ সুপারসহ উপজেলা চেয়ারম্যান, কেএমপি প্রতিনিধি, র্যা ব, বিজিবি, আনসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, খুলনা প্রেসক্লাবের সভাপতি ও  মুক্তিযোদ্ধা সহ কমিটির অন্যান্য সদস্যগণ অংশগ্রহণ করেন।আলমগীর হান্নান/এফএ/এবিএস