নাশকতার তিন মামলায় ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করার পর জামিন না মঞ্জুর করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।গত ২৯ ফেব্রুয়ারি মির্জা ফখরুলকে ১৫ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগ। ২০১৫ সালের ৫ জানুয়ারিকে ঘিরে ২০ দলীয় জোটের আন্দোলনের সময় পল্টন থানার নাশকতার ওই তিন মামলায় মির্জা ফখরুলকে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করেছিলেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলে গেলে আপিল বিভাগ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন এবং জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন।এদিকে, দীর্ঘ পাঁচ বছর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিবের দায়িত্ব দেয়া হয়েছে। আজ (বুধবার) বেলা সোয়া ১১টায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ে চেয়ারপারসনের অনুমতি সাপেক্ষে রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।এমএম/আরএস