তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফুল গ্রহণ অনুষ্ঠানে ছাত্রদল নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় ফখরুল নীরব ছিলেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে।পরে বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালামের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এর আগে বিএনপির পূর্ণ মহাসচিব হয়ে প্রথমবারের মতো নয়াপল্টন দলীয় কার্যালয়ে আসেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলন শেষে দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা নিচ্ছিলেন তিনি। এসময় সিনিয়র নেতাদের মধ্যে ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন আলম, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালামসহ কয়েকজন উপস্থিত ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ফখরুলের ফুলগ্রহণ অনুষ্ঠানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি গাজি মানিকের দাঁড়ানো নিয়ে সেখানে অবস্থানরত অন্য নেতাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।এ মারামারি ঠেকান ছাত্রদলের সহ-সভাপতি তরিকুল ইসলাম টিটু ও রফিকুল ইসলাম রফিক।রফিক জাগো নিউজকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে আবদুস সালামের লোকজন এ ঘটনা ঘটিয়েছে কয়েকজন নেতাকর্মীর মুখে শোনা গেছে।এমএম/একে/আরআইপি