দেশজুড়ে

পেকুয়ায় আ.লীগের সম্পাদক ও যুবলীগের সভাপতি আটক

নানারকম বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে কক্সবাজারের পেকুয়ায় ৭ ইউপির নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা। নারী-পুরুষের স্বত:স্ফূর্ত উপস্থিতিতে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শরু হলেও দুপুরে এসে এ চিত্র পাল্টে যায়। বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্রে একেক প্রার্থীর পক্ষ হয়ে ভোট ডাকাতির চেষ্টা চালায় তার কর্মী-সমর্থকরা। এ সময় ভোটকেন্দ্রে গোলযোগের আভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে আটক করেছে বিজিবি। পরে তাদের পুলিশের কছে হস্তান্তর করা হয়।জানা যায়, দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে দলীয় প্রার্থী কামাল হোসেনের পক্ষে ভোট ডাকাতির চেষ্টাকালে বিএনপি সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। এতে বেশ কয়েক রাউন্ড গুলি বিনময় হয়। গুলিতে উভয়পক্ষের পাঁচ জন আহত হন। পরে বিজিবির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আবুল কাসেম ও জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশে সোপর্দ করে।কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম অভিযোগ করেছেন, বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিনের এলাকা পেকুয়ায় প্রশাসন চলে বিএনপির ইশারায়। আজ তাদের ইশারায় আবুল কাসেম ও জাহাঙ্গীর আলমকে আটক করা হলো।পেকুয়ায় ইউপি নির্বাচনে দায়িত্ব পালনকারী বিজিবির সিও আনোয়ারুল আজিম বলেন, ভোটকেন্দ্রে গোলযোগের অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে, পেকুয়ার মগনামা ইউনিয়নের মধ্য মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট ছিনতাই এর ঘটনা ঘটেছে। ছিনতাই হওয়া তিনটি ব্যালট মুন্ডা উদ্ধার করেছেন কর্তব্যরত মেজিস্ট্রেট।স্থানীয়রা জানায়, সকাল থেকে এই কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থীরা প্রভাব বিস্তার করে ভোট নেয়ার চেষ্টা করছিল। এক পর্যায়ে বেশ কিছু ব্যালট এর মুন্ডাও নিয়ে যায় তার সমর্থকরা। পরে কর্তব্যরত মেজিস্ট্রেট চকরিয়া এসি ল্যান্ড ও  বিজিবি এসে ব্যালট গুলো উদ্ধার করে।কক্সবাজার জেলা নির্বাচন কর্মকতা মো. মেছবাহ উদ্দিন জানান, শান্তিপূর্ণভাবে পেকুয়ার ৭ ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনার কাজ। অন্য এলাকার মতো এখানেও কেন্দ্রের বাইরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে এটি ভোটগ্রহণে কোনো প্রভাব ফেলেনি। আ.লীগ নেতা আটক বিষয়ে তিনি বলেন, নির্বাচনে গোলযোগকারীদের আটক করা হয়েছে। তারা কোন দলের সেটা নিরাপত্তারক্ষীদের দেখার বিষয় নয় বলে উল্লেখ করেন তিনি। সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি