স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের আসনে (কুমিল্লা-৯) স্বতন্ত্রপ্রার্থীর ওপর হামলার ঘটনাটি সাজানো বলে দাবি করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়।
শনিবার (২৪ নভেম্বর) বিকেলে পুলিশ সুপার আব্দুল মান্নান সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
আটকরা হলেন কুমিল্লার মিফজাবাদ কলোনির আলী হোসেনের ছেলে মো. সুমন (৩৪), মো. হোসেনের ছেলে মো. সবির (৩৭), মৃত মো. খলিলের ছেলে মো. সবুজ (২৮), মৃত আব্দুল হাকিমের ছেলে ইকবাল হোসেন (৪৫) ও মৃত দেলোয়ার হোসেনের ছেলে মাসুদ রানা (৩৫)।
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনের দাবিতে কুমিল্লায় স্বতন্ত্রপ্রার্থীদের মানববন্ধন
পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান বলেন, শুক্রবার সন্ধ্যায় ভাইরাল ভিডিও নজরে এলে অনুসন্ধানে নামে পুলিশ। এ ঘটনায় পুলিশ রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে আটক করে। মনোনয়নপত্র ছিনতাই ও মারধরের জন্য তাদের ভাড়া করা হয়।
এর আগে কুমিল্লা জেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়ন কিনে ফেরার পথে হামলায় শিকার হন গোলাম সারোয়ার মজুমদার। তিনি মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও সরশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এ ঘটনায় বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএস