দেশজুড়ে

তনু হত্যাকারীরা যতই প্রভাবশালী হোক বিচারের আওতায় আনা হবে

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, তনু হত্যাকারীরা যতই প্রভাবশালী হউক তাদের বিচারের আওতায় আনা হবে। বৃহস্পতিবার বেলা ১১টায় ড. মিজান কুমিল্লা সেনানিবাস এলাকায় তনু হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে তনুর বাবা-মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে এসব কথা বলেন।এ সময় তিনি তনু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনসহ মামলার তদন্তে সকল সহায়তার আশ্বাস দেন। তনুর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে ও ঘটনাস্থল পরিদর্শনে বৃহস্পতিবার কুমিল্লায় এসেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।পরে দুপুরে ড. মিজান কুমিল্লা সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে জানান, কমিশন মনে করে দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রয়োজন ছিল। কেননা প্রথমবারে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তিনি বলেন, প্রথমবার ময়নাতদন্তের সময় যদি কোনো গাফিলতি, তথ্য গোপনের চেষ্টা হয়ে থাকে, তবে এর সঙ্গে এবং পেছনে যারা যুক্ত, তাদের বিচারের আওতায় আনা হবে।ড. মিজান বলেন, তনুর পরিবারকে সাহায্য করা উচিত। ন্যায় বিচারের নামে বা তথ্য সংগ্রহের নামে তাদের যেন হয়রানির শিকার হতে না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, মধ্যরাতে কেন তনুর বাবা, মা ও ভাইকে র‌্যাব ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেছে, তা জানার অধিকার দেশের মানুষের আছে। কমিশন এটি জানতে চাইবে।এর আগে দুপুরে তিনি কুমিল্লা সার্কিট হাউজে পৌঁছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং তনু হত্যা মামলার বিষয়ে প্রশাসনকে বিভিন্ন দিক নির্দেশনা দেন।এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নিকট হস্তান্তর করা হয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে। পুলিশ ও ডিবির পর বর্তমানে তনু হত্যা মামলাটি সিআইডি তদন্ত করছে।বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা ডিবির ওসি একেএম মঞ্জুর হোসেন জানান, মামলার যাবতীয় কাগজপত্র সিআইডির নিকট হস্তান্তর করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন কুমিল্লা সিআইডির পরিদর্শক গাজী মো. ইব্রাহিম।বৃহস্পতিবার দিনভর কুমিল্লা সিআইডি এবং ডিবি বুধবার প্রাপ্ত তনুর সুরতহাল রিপোর্ট, তনুর ব্যবহৃত ৪টি মোবাইলের কল লিস্টসহ মামলার পরবর্তী করণীয় নিয়ে বৈঠক করার পর সন্ধ্যায় মামলার নথি সিআইডির নিকট হস্তান্তর করা হয়।মো. কামাল উদ্দিন/বিএ