দেশজুড়ে

আ.লীগের বর্ধিত সভায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

রাজশাহীর দুর্গাপুরের জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা ও দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলামের গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। আহতদের মধ্যে দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকছেদ আলী ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, দাওকান্দি কলেজ অধ্যক্ষ মোজাম্মেল হকসহ কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের দুর্গাপুর থানা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে জয়নগর ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য প্রার্থী বাছাই করতে রসুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা। সভা শুরু হওয়ার কিছুক্ষণ পরে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদের নেতৃত্বে প্রায় দুই হাজার নেতাকার্মী রসুলপুর মাঠে গিয়ে উপস্থিত হয়। এরপর মজিদ গ্রুপের সঙ্গে সংসদ সদস্য দারা গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এসময় সংসদ সদস্য দারা ও উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলামের গাড়ি ভাঙচুর করে মজিদ গ্রুপের লোকজন। সংঘর্ষ থামাতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, আওয়ামী লীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আর বিশৃঙ্খলা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।শাহরিয়ার অনতু/এআরএ/আরআইপি