যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের বিরুদ্ধে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে পুলিশ। শনিবার সকালে সাধারণ ডায়েরিটি দায়ের করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক মলয় শাহা। থানা সূত্রে জানা গেছে, দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তাকে দেখে নেয়ার হুমকি দেয়ায় তার বিরুদ্ধে এই জিডি দায়ের করা হয়েছে। জিডিতে উল্লেখ করা হয়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিলেন উপমন্ত্রী আরিফ খান জয়। তার যাওয়া নির্বিঘ্ন করতে আশুলিয়া থানার নন্দনপার্ক এলাকায় প্রটোকল গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন এস আই মলয় শাহা। তারপর উপমন্ত্রীর গাড়ি আশুলিয়া থানা এলাকায় প্রবেশ করলে মলয় শাহার নেতৃত্বে প্রটোকল দিয়ে উপমমন্ত্রীকে এগিয়ে নিতে থাকে পুলিশের গাড়িটি। কিন্তু কিছুদূর যাওয়ার পর উপমন্ত্রীর গাড়িটি পুলিশের গাড়িকে পাশকাটিয়ে দ্রুত গতিতে চলতে থাকে। মন্ত্রীর গাড়ির গতি বেশি থাকায় পিছিয়ে পড়ে পুলিশের গাড়ি। বিষয়টি অস্বাভাবিক হওয়ায় পাশ্ববর্তী সাভার থানা পুলিশকে জানিয়ে দেয় আশুলিয়া থানা পুলিশ। কিন্তু সাভার থানা এলাকায় পৌঁছানোর আগেই নবীনগর এলাকায় ডিসি নার্সারীর সামনে গিয়ে সড়ক বিভাযকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় উপমন্ত্রীর গাড়িটি। এ ঘটনার পরপরই সেখানে পৌঁছান এসআই মলয় শাহা। এসময় মন্ত্রী তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং তাকে দেখে নেয়ার হুমকি দেন। জিডির ব্যপারে এস আই মলয় শাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দুর্ঘটনার পর উপমন্ত্রীর গাড়িটি উদ্ধারের জন্য আমি রেকার আনতে বলি। কিন্তু ইতোমধ্যে তিনি (উপমন্ত্রী) খালেক এন্টারপ্রাইজ নামের একটি বাসে উঠে পড়েন। আমি উপমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে বাসে উঠতে গেলে তিনি আমাকে মারধর করে বাস থেকে নামিয়ে দেন। তবে এই বিষয়টি তিনি জিডিতে উল্লেখ করেননি বলেও জানান। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির সাধারণ ডায়েরি (জিডি) করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের সঙ্গে অস্বাভাবিক আচরণ করায় এটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আল-মামুন/এসকেডি/আরআইপি