এফ এ কাপে ওয়াটফোর্ডের কাছে হারের প্রতিশোধটা ভালোভাবেই নিলো আর্সেন ওয়েঙ্গারের দল। ঘরের মাঠ এমিরেটসে ওয়াটফোর্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। একই সঙ্গে জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার সিটিও। লিগের শেষের সারির দল বোর্নমাউথকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটিও।এমিরেটস স্টেডিয়ামে প্রথম মিনিট থেকেই ওয়াটফোর্ডের ডিফেন্সভাগে আক্রমণ চালাতে থাকে আর্সেনালের ফুটবলাররা। যার ফলাফল ও পেয়ে যায় তৎক্ষণাৎই। ৪ মিনিটেই দলকে এগিয়ে দেন আলেক্সিস সানচেজ। ৩৮ মিনিট ব্যবধান দ্বিগুণ করেন ১৯ বছর বয়সী স্ট্রাইকার আইওবি। বিরতি থেকে ফিরে ডিফেন্ডার বেলারিন ৪৮ মিনিটে গোল করলে ৩-০ গোলের লিড পায় আর্সেনাল। ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন থিও ওয়ালকট। অন্যদিকে, ম্যানসিটির সামনে একদমই দাড়াতে পারেনি বোর্নমাউথ। সাত মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ফার্নান্দো। ইনজুরি কাটিয়ে প্রায় দুই মাস পর সিটির জার্সি গায়ে নামেন কেভিন ডি ব্রুইন। ম্যাচে সিটির হয়ে দ্বিতীয় গোলটি আসে তার পা থেকেই। সিলভার বাড়ানো বল থেকে গোল করে সিটিকে ২-০ গোলের লিড এনে দেন ডি ব্রুইন। ১৯ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। ম্যাচের অতিরিক্ত সময়ে আলেকজান্ডার কোলারভ আরেক গোল করলে ৪-০ গোলের বড় জয় পায় সিটি। এই জয়ে ৩১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লিগের চার নম্বরে রয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে আর্সেনাল।আরআর/আইএইচএস/এসএইচএস