ক্যাম্পাস

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় খুলেছে আজ : অতিরিক্ত পুলিশ মোতায়েন

ছাত্র খুনের জের ধরে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আজ সোমবার খুলেছে। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জরুরি বৈঠকে খুলে দেয়ার সিদ্ধান্ত হলেও ওয়াসা (দামপাড়া) ক্যাম্পাসটি আপাতত বন্ধই থাকছে।  সকালে থেকে জামালখান, পাহাড়তলী ও প্রবর্তক ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীরা আসতে শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এসব ক্যাম্পাসে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গত ২৯ মার্চ দুদল ছাত্রের বিরোধের জের ধরে প্রতিপক্ষ গ্রুপের হামলা এবং ছুরিকাঘাতে নিহত হয় বিশ্ববিদ্যালয়টির ছাত্র ও নগর ছাত্রলীগের সদস্য নাসিম আহমেদ সোহেল। এ ঘটনার জের ধরে সেদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছাত্রলীগ নেতাকর্মীরা নগর জুড়ে ভাঙচুর হামলা সংর্ঘষে লিপ্ত হলে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেদিন সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকে বিশ্ববিদ্যায় বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ।প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমেদ রাজিব চৌধুরী বলেন, বন্ধ থাকলেও এতোদিন বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কার্যক্রম চালু ছিল।  তবে আপাতত দামপাড়া ক্যাম্পাস ছাড়া অন্য ক্যাম্পাসগুলো খুলে দেয়া হয়েছে। পুলিশ আমাদের জিম্মায় ওই ক্যাম্পাস ফেরত দিলেই সেখানে ক্লাস শুরু করা হবে বলে জানান তিনি। এদিকে আজ থেকে ক্লাস শুরু হলেও পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হচ্ছে না। বিকালে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।দামপাড়া ক্যাম্পাসের বাণিজ্য অনুষদ এখনি খুলে না দেয়ার ব্যাপারে প্রক্টর বলেন, ছাত্র হত্যার ঘটনায় ওই ক্যাম্পাসে ব্যাপক ভাংচুর করা হয়েছে। পাশাপাশি সংঘর্ষের পর থেকে বিশ্ববিদ্যালয়টি বন্ধ রয়েছে। পুলিশ তদন্ত করছে সেখানে। এরপর পুলিশ আমাদের জিম্মায় দিয়ে দিলে সংস্কার কাজ শুরু হবে। তারপর ক্যাম্পাস খুলে দেয়া হবে। জীবন মুছা/জেএইচ/এমএস