জাতীয়

কাবাডি খেলোয়াড়দের পুলিশে নিয়োগ দেয়া হবে : আইজিপি

প্রয়োজনে খেলোয়াড় কোটায় কাবাডি খেলোয়াড়দের পুলিশে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। সোমবার বিকেল ৪টায় পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আইজিপি বলেন, বাংলাদেশ কাবাডি ফড়ারেশনের ব্যবস্থাপনায় আসন্ন ১৪তম আইজিপি কাপ ‘জাতীয় যুব কাবাডি (অনূর্ধ্ব-২১) প্রতিযোগিতা-২০১৬’ থেকে ৩৬ জন ভালো খেলোয়াড় বাছাই করা হবে। সেখান থেকে বিদেশে ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। প্রয়োজনে পুলিশে খেলোয়াড় কোঠায় চাকরি দিয়ে কাবাডি খেলাকে উৎসাহিত করা হবে।তিনি বলেন, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির ঐতিহ্যের এ হা-ডু-ডু খেলাটিকে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দেন। কিন্তু সময়ের পরিক্রমায় এ খেলাটি আবারো হারিয়ে যেতে বসেছে। কাবাডি খেলাকে পুরো উদ্যমে ফিরিয়ে আনতেই দেশব্যাপী ৮টি বিভাগের ৬৪টি জেলার খেলার আয়োজন করা হয়।তিনি আরো বলেন, ৬৪টি জেলার ৬ হাজার ২শ’ ৪০ জন যুবক কাবাডি খেলায় অংশগ্রহণ করেন। গত বছরের অক্টোবরে শুরু হওয়া এ প্রতিযোগিতা আন্তঃথানা, আন্তঃজেলা ও আন্তঃবিভাগীয় পর্যায়ে খেলা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে উৎসাহিত করতে প্রত্যেক খেলোয়ারকে জার্সি, আর্থিক সহায়তা ও চ্যাম্পিয়ন্স ট্রফি ও রানার্স আপ ট্রফি প্রদানও করা হয়েছে। এছাড়া প্রতি সেরা খেলোয়ারকে নগদ তিন হাজার অর্থ সহায়তাও করা হয়েছে। পুলিশ প্রধান বলেন, আগামী ৫-৬ এপ্রিল ৮টি বিভাগীয় চ্যাম্পিয়ন দলকে নিয়ে ঢাকা কাবাডি স্টেডিয়ামে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণকারী প্রতিটি দলের ১০ জন করে খেলোয়ার ও ২ জন কর্মকর্তাসহ মোট ১২ জনের ঢাকায় যাতায়াত, থাকা খাওয়ার ব্যবস্থা করছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমরা কাবাডি খেলাকে আবারো উজ্জীবিত করতে চাই। দেশের গণ্ডি পেরিয়ে কাবাডিতে বাংলাদেশিরা যেন সুনাম ও ট্রফি অর্জন করতে পারে সে চেষ্টা অব্যাহত রয়েছে।সম্মেলনের শেষ পর্যায়ে ফেডারেশনের অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে চূড়ান্ত পর্বের ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী গ্রুপ-১ থাকছে কুমিল্লা, ঢাকা, নীলফামারী ও সিলেট জেলা। গ্রুপ-২ এ ময়মনসিংহ, সাতক্ষীরা, রাজশাহী ও বরিশাল জেলা। জেইউ/এসএইচএস/পিআর