পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ পাঁচ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের সঙ্গে শুরু হয়েছে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি। শ্রমিকদের রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচির ফলে যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট।মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে দুপুর ২টা পর্যন্ত। নগরীর খালিশপুর নতুন রাস্তার মোড় ও আটরা গিলাতলা শিল্পাঞ্চলে রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। ফলে এলাকার সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। বন্ধ রয়েছে রেল যোগাযোগ।খালিশপুরের প্লাটিনাম, ক্রিসেন্ট, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার আলীম, ইস্টার্ন, নওয়াপাড়া শিল্প এলাকার জেজেআই ও কারপেটিং জুট মিলের ৩৫ হাজার শ্রমিক মিল বন্ধ করে এ অবরোধ পালন করছেন। এতে সভাপতিত্ব করছেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক মো. সোহরাব হোসেন।রোববার ইস্টার্ন জুট মিলস এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব জুটমিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ও অবরোধের ডাকা দেয়া হয়।সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক এসএম জাকির হোসেন বলেন, পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ পাঁচদফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা এ কর্মসূচি পালন করছি। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।তিনি জানান, মঙ্গলবার থেকে আগামী ৭ এপ্রিল পর্যন্ত লাগাতার ধর্মঘটের পাশাপাশি প্রতিদিন ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করবেন শ্রমিকারা।আলমগীর হান্নান/এসএস/পিআর