নোয়াখালীর মাইজদী পুরাতন কলেজের কাছে ছাত্রলীগের দু`গ্রুপের সংঘর্ষে নিহত ওয়াসিম, রাজিব ও ইয়াছিনের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছে নোয়াখালী জেলা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নোয়াখালী জেলা ছাত্রলীগের ব্যানারে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘স্বাধীনতার ৪৫ বছর পর এভাবে একের পর এক জাতির সূর্য সন্তানেরা মারা যাবে এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। ওয়াসিম, রাজিব ও ইয়াছিন হত্যাকারীরা নরপশু। ছাত্রলীগের নেতারা এভাবে কেন প্রাণ দিতে হবে।’ তারা বলেন, ‘বঙ্গন্ধুকন্যা শেখ হাসিনার সরকারের সময় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের প্রাণ দিতে হচ্ছে। এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। অনতিবিলম্বে ওয়াসিম, রাজিব ও ইয়াছিন হত্যাকারী নরপশু সাজুকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’ সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আলীর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক রাব্বি চৌধুরী, মো. নাজিম, আশিক, সোহাগ। এএস/জেএইচ/এমএস