বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, আওয়ামী লীগের ভোট ভোট ডাকাতি জনসম্মুখে তুলে ধরতেই নির্বাচনে থাকছে বিএনপি। নির্বাচন বর্জন করলে তারা (আওয়ামী লীগ) পার পেয়ে যাবে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের দাবিতে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। হান্নান শাহ বলেন, বিগত কয়েক বছরে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে অবৈধভাবে অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে। যেসব অস্ত্র ইউপি নির্বাচনের ভোটকেন্দ্র দখল এবং সাধারণ জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। নির্বাচনের আগে থানায় অস্ত্র জমা নেয়ার যে প্রচলন রয়েছে তা মানা হচ্ছে না । প্রতিবাদ সভায় সাম্প্রতিক সময়ে চাঞ্চল্যকর তনু হত্যাকাণ্ড, বাংলাদেশ ব্যাংক কেলেঙ্কারী, খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আদালত অবমাননাসহ বিভিন্ন বিষয়ে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি। স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির সহ-স্বেচ্ছা সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ আন্দলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন প্রমুখ। এএস/জেএইচ/পিআর