আইন-আদালত

খাদ্য সচিবের ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের নোটিশ

খাদ্যদ্রব্যসহ বিভিন্ন পণ্যে ফরমালিন পরীক্ষার জন্য সঠিক যন্ত্র সংগ্রহ না করার করণে খাদ্য সচিব এএম বদরুদ্দোজাকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৭দিনের মধ্যে খাদ্য সচিবকে ফরমালিনের সঠিক যন্ত্র ক্রয় না করা সংক্রান্ত আদালত অবমাননার নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল কামাল ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।আইনজীবী বলেন, ২০১৪ সালের ২৪ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ খাদ্য, ফলমূলে ফরমালিন থাকে কি না পরীক্ষা করার জন্য সঠিক (ফরমালিন যন্ত্র) নির্বাচন এবং সংগ্রহ করার নির্দেশ দেন।আদালতের নির্দেশে খাদ্য সচিবসহ সংশ্লিষ্টদের এক মাসের মধ্যে সঠিক ওই যন্ত্র সংগ্রহ করতে বলা হয়। বেঁধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যে আদালতের নির্দেশ পালন না করায় আইনজীবী মনজিল মোরসেদ খাদ্য সচিবকে গত ৩০ মার্চ লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে আদালতে নির্দেশনা মানার জন্য অনুরোধ করা হয়।এরপরও সঠিক ফরমালিন পরীক্ষা করার যন্ত্র সংগ্রহ না করায় খাদ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার সম্পূরক  আবেদন করেন রিটকারী আইনজীবী। মঙ্গলবার ওই আবেদনের ওপর শুনানি করে এই আদেশ দেন আদালত। আইনজীবী মনজিল মোরসেদ বলেন, দীর্ঘদিন থেকে ফরমালিন পরীক্ষার সঠিক যন্ত্র না থাকায় বর্তমানে ফল, মাছ, সবজিসহ বিভিন্ন খাদ্য ফরমালিন এর উপস্থিতি শনাক্ত করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাচ্ছে না। যার কারণে জনগণের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়েছে। আদালত শুনানি শেষে খাদ্য সচিবের প্রতি আদালত অবমাননার নোটিশ জারি করেন।এফএইচ/এসকেডি/এমএস