জাতীয়

দাবি না মানলে আমরণ অনশনের ঘোষণা নার্সদের

বাংলাদেশ সরকারি কর্মকমিশন থেকে প্রকাশিত নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে পূর্বের ন্যায় ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে ৩য় দিনের মত অবস্থান ধর্মঘট পালন করছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) এবং বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি (বিবিজিএনএস)। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ৩য় দিনের মত এ অবস্থান ধর্মঘট পালন করে যাচ্ছে নার্সরা। দাবি আদায়ে ৯ এপ্রিল পর্যন্ত সরকারকে সময় বেধে দিয়েছে সংগঠন দুটি। এর মধ্যে দাবি আদায় না হলে ১০ এপ্রিল থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন তারা। বিডিবিএনএর সভাপতি রিনা আক্তার বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আদর্শ অনুপাতে আমাদের দেশে প্রায় দুই লাখ নার্সের সঙ্কট রয়েছে। যেখানে অধিকাংশ সরকারি হাসপাতালগুলোতে নার্সের অভাবে রোগীরা ঠিকমতো সেবা পাচ্ছ না, এমন পরিস্থিতে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে সরকার কাদের ছাটাই করতে চাচ্ছে? পিএসসির নিয়োগ বিজ্ঞপ্তি স্পষ্টত একটি নিয়োগ বাণিজ্য। তিনি আরো বলেন, এখন যদি পরীক্ষার মাধ্যমে নার্সদের নিয়োগ দেয়া হয়, তাহলে ব্যাচ, মেধাও  জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের আশ্বাসে কেন আমাদের ১০ বছর বসিয়ে রাখা হলো?  কেন হাজার হাজার নার্সকে তার প্রাপ্ত সুবিধা বঞ্চিত করা হলো? ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার দোহাই দিয়ে কেন আমাদেরকে রেজিস্ট্রশন পাওয়ার পরও চাকরির আবেদন করতে দেয়া হয়নি এমন প্রশ্ন রেখে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুপাতে সরকারি পর্যায়ে নার্সদের অভাব পূরণ হওয়া পর্যন্ত ব্যাচ, মেধা এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।এএস/জেএইচ/এমএস