চট্টগ্রামের সাতকানিয়ায় ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রি ও পরিবহনের অপরাধে দুই যুবককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৩ জানুয়ারি) সকালে সাতকানিয়া উপজেলা সোনাকানিয়া ইউনিয়নের গারাঙ্গিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে কৃষি জমির টপ সয়েল কাটার সময় হাতেনাতে আকে মো. রেজাউল করিমকে (৩৫) ৫০ হাজার টাকা এবং রেজিস্ট্রেশনবিহীন ডাম্প ট্রাকে মাটি পরিবহন করায় মো. আরমানকে (২৩) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, ফসলি জমির টপ সয়েল কাটার খবর পেয়ে গারাঙ্গিয়া এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানে টপ সয়েল কাটা এবং পরিবহনের সময় পুলিেশের সহায়তায় দুজনকে হাতেনাতে আটক করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম