জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী ১৭ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ওই দিন (সিএরপিসি-৩৪২ ধারায়) আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ঠিক করেছেন বলে তার আইনজীবী জানিয়েছেন।বৃহস্পতিবার খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার আইনজীবীর করা সময়ের আবেদন মঞ্জুর করে রাজধানীর বকশিবাজার আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকা বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার পরবর্তী এই তারিখ ধার্য করে আদেশ দেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। অসুস্থতার কারণ দেখিয়ে উপস্থিতির জন্য খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন জানান তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও আব্দুর রেজ্জাক খান। আবেদন মঞ্জুর করে আগামী ১৭ এপ্রিল আত্মপক্ষ সমর্থনের দিন পুনঃনির্ধারণ করে ওই দিন তাকে হাজির থাকার আদেশ দেন আদালত। এর আগে গত ৩১ মার্চ ৩২ তম ও শেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদকে আসামিপক্ষের জেরার মধ্য দিয়ে শেষ হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরা। এরপর ৭ এপ্রিল খালেদাসহ জামিনে থাকা তিন আসামির আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করে তাদেরকে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন আদালত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অন্য দুই আসামি হলেন জামিনে থাকা জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান । তারা বৃহস্পতিবার আত্মপক্ষ সমর্থন করে আদালতে বক্তব্য দিয়েছেন। নিজেদের পক্ষে কোনও সাফাই সাক্ষী উপস্থিত করা হবে না বলে জানান তারা। এর আগেও খালেদা জিয়ার পক্ষে অসুস্থতার কারণে হাজির না হওয়ার আবেদন করেন তার আইনজীবী অ্যাড. সানাউল্লাহ মিয়া ও আব্দুর রেজ্জাক খান। উল্লেখ্য ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।অন্যদিকে, ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।দুই মামলারই বাদী হলেন দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক হারুন-অর রশিদ খান।এফএইচ/এমএমজেড/এএইচ/এবিএস