বিনোদন

ইচ্ছে গানের দুপুরে নিশিতার গান

‘রঙধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ডাকা চাঁদ, তার চেয়েও ভালো লাগে, তারার উঠোনেতে জেগে থাকা সেই রাত’ এই গানে নিশিতাকে শ্রোতারা খুঁজে পান ক্লোজআপ ওয়ানের দ্বিতীয় আসরে। তারপর থেকেই নিয়মিত গান করছেন তিনি। অ্যালবাম প্রকাশের দিক থেকে পিছিয়ে থাকলেও নিশিতাকে বরাবরই ব্যস্ত দেখা যায় নানা কনসার্ট আর লাইভ অনুষ্ঠানে। সে ধারাবাহিকতায় এবার তিনি হাজির হচ্ছেন মাছরাঙা টেলিভিশনের ফোনো লাইভ কনসার্ট ‘ইচ্ছে গানের দুপুর’-এ। আগামীকাল শুক্রবার, ৮ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হওয়া অনুষ্ঠানটিতে গান করবেন ক্লোজআপ ওয়ান তারকাখ্যাত এই সংগীতশিল্পী। দুই ঘণ্টার এ অনুষ্ঠানে নিজের পছন্দের বেশ কিছু গান পরিবেশন করবেন তিনি। সেই সাথে টেলিফোনে দর্শকদের অনুরোধের গানও করবেন। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন অজয় পোদ্দার। উপস্থাপনা করবেন দিঠি আনোয়ার। এলএ/আরআইপি