সকাল সাড়ে ৮টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের চত্বরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন জনা বিশেক তরুণী। সবার সামনে দাঁড়িয়ে বিশেষ পোশাক পরিহিত অপর এক তরুণী নানা অঙ্গভঙ্গিয় উপস্থিত তরুণীদের শারিরিক কসরৎ শিখাচ্ছিলেন। কেউ ভুল করলে এগিয়ে গিয়ে কিভাবে নিখুঁত ও নির্ভুলভাবে কসরৎটি করতে হবে তা দেখিয়ে দিচ্ছিলেন। সবাই যখন একসঙ্গে মুখে আওয়াজ করে শারিরিক কসরৎ করছিলেন তখন ওই রাস্তায় চলাচলকারী উৎসুক জনতার দৃষ্টি শুধু রাজু ভাস্কর্য চত্বরে, কি হচ্ছে এমন জিজ্ঞাসা থেকেই বার বার তাকাচ্ছিলেন তারা।দশ বছরের শিশু রাফাত সোহরওয়ার্দী উদ্যানে মর্নিং ওয়াক শেষে বাবার সঙ্গে বাসায় ফিরছে। উদ্যানের গেট থেকে বেরিয়ে প্রশিক্ষণরত এক তরুণীকে দেখিয়ে বাবাকে বলে, বাবা ওই মেয়েটিকে আমি টিভিতে দেখেছি। যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে উনি শাহবাগ মোড়ে গণজাগরণ মঞ্চে শ্লোগানে নেতৃত্ব দিয়েছিলেন।ভালো করে তাকাতেই দেখা যায়, সত্যিই তো, ওই তো লাকি, কাদের মোল্লার ফাঁসিতে বজ্রকণ্ঠে শ্লোগান তুলে আলোচিত হয়েছিলেন। বর্তমানে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি তিনি।কৌতুলহলবশত জাগো নিউজের এ প্রতিবেদক এগিয়ে গেলে ছাত্র ইউনিয়ন কর্মী জাহিদুল ইসলাম সজিব জানান, গত বছর পহেলা বৈশাখে নারী নিপীড়নের ঘটনার পর বখাটেদের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ ও প্রতিহত করতে ‘প্রীতিলতা বিগ্রেড’ নামে একটি সংগঠন গঠিত হয়। ওই সংগঠনের উদ্যোগে বখাটেদের প্রতিহত করার বিভিন্ন কৌশল শেখাতে ‘আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচি’ আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে।তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া মেয়েরা এখানে এসে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। চাহিদা ও নারীদের অংশগ্রহণেচ্ছুক নারীদের সংখ্যা হিসেব করে বিভিন্ন ব্যাচে প্রশিক্ষণ চলে। তায়কুন্ডু ফেডারেশন প্রশিক্ষণ দেবেন। সেখানকার একজন দক্ষ প্রশিক্ষিত ব্লাক বেল্টধারি নারী প্রশিক্ষক ২০ জনকে নিয়ে আজ (শুক্রবার) থেকে প্রশিক্ষণ প্রদান শুরু করেছেন।উল্লেখ্য, ২০১৫ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় টিএসসি মোড়ে নারীর শ্লীহতাহানির ঘটনা ঘটে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা নং ২৫ (৪) ১৫ রুজু হয়।এমইউ/আরএস/পিআর