কুমিল্লায় পরিবারের সদস্যদের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বাড়ি ফিরলেন ফ্রান্স প্রবাসী বিল্লাল হোসেন ও ফারুক আহমেদ নামে দুই ভাই।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ফ্রান্স থেকে বিমানে করে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন দুই ভাই। পরে হেলিকপ্টার ভাড়া করে রওনা করেন তিতাস উপজেলার নিজবাড়ি দ্বিতীয় সাতানী গ্রামে।
প্রবাসী বিল্লাল ও ফারুক দ্বিতীয় সাতানী গ্রামের জায়েদ মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, প্রায় ১৩ বছর আগে বিল্লাল ও ফারুক পরিবারে সচ্ছলতা ফেরাতে ফ্রান্সে পাড়ি জমান। সেখানে গিয়ে উপার্জন করে পরিবারের পাশাপাশি এলাকার মসজিদ, মাদ্রাসা ও অসহায় পরিবারকে সহযোগিতা করেন।
এর আগেও কয়েকবার বাড়িতে আসেন তারা। কিন্তু পরিবারের ইচ্ছায় হেলিকপ্টারে চড়ে গ্রামে ফিরবেন। হঠাৎ তাদের আগমে হতবাক এলাকাবাসী। গ্রামে হেলিকপ্টার আসার খবরে মূহুর্তের মধ্যে জড় হন শত শত উৎসুক জনতা। এসময় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিবারের সদস্য ও গ্রামবাসী।
প্রবাসী বিল্লাল হোসেন জাগো নিউজকে বলেন, আমরা দুই ভাই দীর্ঘদিন ধরে ফ্রান্সে অবস্থান করছি। পরিবারের ইচ্ছা পূরণে এবার হেলিকপ্টারে বাড়ি এসেছি। পরিবার ও নিজেদের শখ পূরণের জন্যই এভাবে বাড়িতে আসা। আমাদের জন্য সবাই দোয়া করবেন।
জাহিদ পাটোয়ারী/এনআইবি/জিকেএস