যশোরের ঝিকরগাছায় আওয়ামী লীগের নির্বাচনী পথসভাকে ঘিরে উপজেলার তিন ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উপজেলা প্রশাসন মাইকিং করে শনিবার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত সব রকমের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। আর এ ঘটনার প্রতিবাদে বিকেল ৫টায় যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ। স্থানীয় সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম ও পুলিশ সুপার আনিসুর রহমানের ষড়যন্ত্রে এ ১৪৪ ধারা জারি হয়েছে উল্লেখ করে এসপির অপসারণ দাবি করেন তারা।ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা খবির আহমেদ জানান, শনিবার ঝিকরগাছার তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের পথসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের বক্তব্য দেয়ার কথা ছিল। ওই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতরা শাহীন চাকলাদারকে প্রতিহত করার ঘোষণা দেয়। এ নিয়ে সহিংসতার আশঙ্কার প্রতিবেদন দিয়েছে গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের প্রেক্ষিতে ওই তিন ইউনিয়নে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল জলিল জানান, তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের পথসভা ছিল। সেখানে বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা থাকায় জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।এদিকে, বিকেল ৫টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল অভিযোগ করেন, বিকেল ৪টা থেকে তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী পথসভা হওয়ার কথা ছিল। ওই পথসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকার জন্য সম্মতি দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শিমুলিয়া, পানিসারা ও গদখালি ইউনিয়নে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই ইউনিয়নগুলোতে ১৪৪ ধারা জারির করার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।স্থানীয় সংসদ সদস্য মনিরুল ইসলাম ও পুলিশ সুপার আনিসুর রহমান ষড়যন্ত্রমূলকভাবে এই ১৪৪ ধারা জারি করিয়েছেন। আওয়ামী লীগে ঘাপটি মেরে থাকা চক্র প্রশাসনকে সহযোগিতা করেছে।তিনি আরো বলেন, যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানকে অপসারণ না করলে নির্বাচন সুষ্ঠু হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীদের পরাজিত করতে তিনি মরিয়া। তাই অবিলম্বে পুলিশ সুপারকে অপসারণ করতে হবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খয়রাত হোসেন, দফতর সম্পাদক মাহমুদ হাসান বিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ঝিকরগাছায় আওয়ামী লীগ মনোনীত ছয়জন চেয়ারম্যান প্রার্থী আমিনুর রহমান (গঙ্গানন্দপুর), আবদুর রাজ্জাক (মাগুরা), মতিয়ার রহমান সরদার (শিমুলিয়া), শহিদুল ইসলাম (গদখালি), নওশের আলী (পানিসারা) ও গোবিন্দ চন্দ্র চ্যাটার্জি (শংকরপুর) প্রমুখ।মিলন রহমান/এআরএ/আরআইপি