কুমিল্লার বুড়িচং উপজেলার ভারত সীমান্তের অদূরে ত্রিপুরা রাজ্যের সোনামুড়া থানার বাটাজোলা এলাকা থেকে কাজী খোরশেদ আলম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ।রোববার বিকেলের দিকে সোনামুড়া পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। খোরশেদ কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের পাহাড়পুর গ্রামের কাজী আবদুল মতিনের ছেলে এবং পেশায় কৃষি শ্রমিক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজী খোরশেদ আলম গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। রোববার বিকেলের দিকে বাড়ির অদূরে ত্রিপুরা রাজ্যের সোনামুড়া থানার বাটাজোলা এলাকায় মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের লোকজন ওইস্থানে গিয়ে মরদেহটি খোরশেদের বলে শনাক্ত করে।এসময় সোনামুড়া থানা পুলিশ ও কুমিল্লা জেলা পুলিশের উপস্থিতিতে দুই দেশের পুলিশ নিহতের পৃথক ২টি সুরতহাল তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য সোনামুড়া থানা পুলিশ মরদেহটি নিয়ে যায়।রোববার রাত ৯টায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল-মামুন জানান, নিহতের শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন রয়েছে। মরদেহটি সোনামুড়া থানা পুলিশ ময়নাতদন্তের পর সোমবার দিনের যেকোনো সময়ে কুমিল্লা জেলা পুলিশের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবে।তবে এ হত্যার কারণ তিনি জানাতে পারেননি।মো. কামাল উদ্দিন/বিএ