দেশজুড়ে

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সচিব রুবেল হোসেন নিরবকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত রুবেল উপজেলার শুশুন্ডা গ্রামের নয়াকান্দি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। পুলিশ জানায়, রোববার বিকেলে উপজেলার শুশুন্ডা গ্রামের নয়াকান্দি গ্রামের জমিতে গরুর ঘাস আনতে যায় ওই স্কুল ছাত্রী। এসময় ছাত্রলীগ নেতা নীরব তাকে জোরপূর্বক উঠিয়ে বিলের মাঝখানে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে স্কুলছাত্রীর চিৎকারে ভিকটিমের মা দৌঁড়ে ঘটনাস্থলে এলে ধর্ষক রুবেল পালিয়ে যায়।বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে ওই স্কুলছাত্রী লজ্জায় কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা মো. রাজ মিয়া সোমবার সকালে মুরাদনগর থানায় মামলা দায়ের করার পর ছাত্রলীগ নেতা নিরবকে পুলিশ গ্রেফতার করে। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো করা হয়। ওই স্কুলছাত্রী উপজেলার পায়ব হাজী আবদুল গনি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। এ বিষয়ে মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করার পর অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের পর জেল হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার কুমেক হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করা হতে পারে বলেও জানান তিনি। কামাল উদ্দিন/এআরএ/পিআর