সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পাটভর্তি একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে আগুনে নয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার নলকা ইউনিয়নের সাহেবগঞ্জ নতুন বাজারের পূর্ব পাশে আঞ্চলিক সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন একই উপজেলার তিননান্দিনা গ্রামের রজব গোবিন্দের ছেলে অভিরাম সাহা ও নলছিয়া গ্রামের কুরমান ভূইঁয়ার ছেলে তারিকুল ইসলাম।
ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী অভিরাম সাহা বলেন, খুলনায় ২০০ মণ পাট বিক্রির উদ্দেশে আজ সকাল থেকে কয়েকজন শ্রমিক দিয়ে ট্রাকে পাট উঠাই। এরপর ট্রাকভর্তি পাট গুদাম থেকে বের হয়ে আঞ্চলিক সড়কে ওঠলে বিদ্যুতের ঝুলন্ত তার ট্রাকের সঙ্গে লেগে ছিঁড়ে যায়। এতে তাৎক্ষণিকভাবে পাটে আগুন লেগে যায়। এ অগ্নিকাণ্ডে প্রায় নয় লাখ টাকার পাট পুড়ে ছাই হয়ে গেছে। তবে ট্রাকের ভিতরে থাকা নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। চলন্ত ট্রাকের সঙ্গে বিদ্যুতের তার ছিড়ে এ অগ্নিকাণ্ড ঘটেছিল বলে তিনি উল্লেখ করেন।
এম এ মালেক/এনআইবি/এএসএম