দেশজুড়ে

৯ বছর পর কুমিল্লা মহানগর ছাত্রলীগের ৫ সদস্যের কমিটি

আগামী এক বছরের জন্য কুমিল্লা মহানগর ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটিতে নূর মোহাম্মদ সোহেলকে সভাপতি এবং মোশারফ হোসেন মুনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (১১ মে) রাতে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর ছাত্রলীগের প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫ সদস্যের নাম ঘোষণা করা হয়।

সম্মেলনে কুমিল্লা আইন কলেজের শিক্ষার্থী নূর মোহাম্মদ সোহেলকে সভাপতি এবং সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশারফ হোসেন মুনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এছাড়াও শরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, টিটু মজুমদারকে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দিদারুল হক আকাশের নাম ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি আগামী কয়েকদিনের মধ্যে গঠন করা হবে বলেও জানানো হয় সম্মেলনে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র তাহসীন বাহার সূচনাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২০১১ সালে কুমিল্লা মহানগর গঠনের পর ২০১৫ সালের ২৩ জুলাই ৭ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এরপর গত ৯ বছর ধরে আহ্বায়ক কমিটিতেই চলে মহানগর ছাত্রলীগের কার্যক্রম। শনিবার বিকেলে মহানগর ছাত্রলীগের প্রথম বার্ষিক সম্মেলন উদ্বোধন করা হয়। পরে আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

জাহিদ পাটোয়ারী/এফএ/এমএস