গাজীপুর মহানগরীর পুবাইলের হায়দরাবাদ এলাকায় বিয়ের গায়ে হলুদের আগের রাতে পুলিশের উপস্থিতিতে বর রুবেল মিয়াকে পিটিয়ে পা ভেঙে দেয়ার ঘটনায় জয়দেবপুর থানার এসআই আলী আকবরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমীর হোসেন ও পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক মো. মোমিনুল ইসলাম। তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।এদিকে, রুবেলকে নির্যাতনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রুবেল মিয়ার বাবা মো. নুরুল ইসলাম বাদি হয়ে পাঁচজনকে আসামি করে জয়দেবপুর থানায় এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, ওই এলাকার ইয়াকুব আলীর ছেলে সোহেল মিয়া (২৭) ও রবিউল ইসলাম (৩২), কামাল হোসেন সোধন (৬০), তার ছেলে আ. রহিম (২৮) ও লোকমান মিয়া (২২)। মামলায় আরো অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করা হয়েছে।মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা মাদক ব্যবসা ও এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজ করায় রুবেল মিয়া এর প্রতিবাদ করতো। এতে আসামিরা রুবেলকে মামলায় জড়িয়ে জেল খাটাবে বলে হুমকি দিয়ে আসছিল। এ ঘটনার জেরে বুধবার রাত দেড়টার দিকে বাড়ির সামনে হাঁটাহাটি করার সময় আসামিরা রুবেলকে মারপিট শুরু করে। এক পর্যায়ে তাকে বাড়ির পশ্চিম পাশে নিয়ে বেদম মারতে থাকে। তাদের মারধরে রুবেলের দুইটি পা ভেঙে যায়। আসামিরা রুবেলকে মৃত ভেবে একটি গর্তের মধ্যে ফেলে চলে যায়। আসামিরা রুবেলের পকেট থেকে নগদ টাকা ও স্বর্ণের চেইন নিয়ে যায়। পরে আসামিরা রুবেলের ঘরের ড্রয়ার থেকে নগদ ৭০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।পুলিশের উপস্থিতিতে রুবেল মিয়াকে পিটিয়ে দুই পা ভেঙে দিলেও মামলায় পুলিশের বিষয়টি উল্লেখ করা হয়নি। জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, অভিযুক্ত দুই এসআই এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য গাজীপুর পুলিশ সুপারের কাছে আবেদন করা হয়েছে। আমিনুল ইসলাম/এআরএ/এমএস