দেশজুড়ে

বাল্কহেডের ধাক্কায় ভাঙলো বেইলি সেতু

কুমিল্লার তিতাসে গোমতী নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ভেঙে গেছে বেইলি সেতু। এতে চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার লক্ষাধিক মানুষ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (২৯ মে) বিকেলে উপজেলার আসমানিয়া বাজারসংলগ্ন কাঠের সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার রায়পুর-মাছিমপুর সড়কের আসমানিয়া বাজারসংলগ্ন গোমতী নদীতে ৭৫.০৬ মিটার দীর্ঘ পিএসসি এবং আরসিসি গার্ডার ব্রিজের নির্মাণকাজ হাতে নেওয়া হয়েছে। এ কারণে গোমতী নদীর ওপরে পুরোনো বেইলি সেতুটি সরিয়ে এর পাশেই বিকল্প চলাচলের জন্য একটি বেইলি সেতু নির্মাণ করা হয়। এটি দিয়ে উপজেলার লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। আজ বাল্কহেডের ধাক্কায় এটি ভেঙে যায়।

নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা জাগো নিউজকে বলেন, চালকদের অবহেলা এখন লাখো মানুষের চিন্তার কারণ হয়েছে। গুরুত্বপূর্ণ একটি সেতুর নিচ দিয়ে চলাচলেও তারা খামখেয়ালি করেন। বিষয়টি নিয়ে আমি উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, যতটুকু জেনেছি দুটি বাল্কহেড প্রতিযোগিতা করতে গিয়ে সেতুটি ভেঙেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আপাতত চলাচলের জন্য নৌকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যতদ্রুত সম্ভব সেতুটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে।

জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস