দেশের নতুন প্রজন্মের চিত্রনায়কদের মধ্যে অন্যতম জনপ্রিয় একজন শিপন মিত্র। সৈকত নাসিরের পরিচালনায় ‘দেশা-দ্য লিডার’ ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্রে পা রাখেন।প্রথম ছবি দিয়েই তিনি বাজিমাত করেছেন। তার অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে দর্শক ও সমালোচকদের কাছে। সেইসঙ্গে ছবিটিতে মাহিয়া মাহির সাথে তার রসায়নও বেশ জমমজাট ছিলো। প্রথম ছবির সাফল্যের পর দ্বিতীয় ছবি ‘বিগ ব্রাদার’-এও তিনি মাহিকে নিয়ে সাফল্য পেয়েছেন। বর্তমানে কাজ করছেন বেশ কিছু নতুন ছবিতে। তার ফাঁকে শিপন প্রথমবারের মতো অভিনয় করছেন একটি নাটকে। অভিজিৎ অভি পরিচালিত ‘ভালোবাসার শেষপ্রান্তে’ নামের নাটকটিতে তাকে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ পিয়া বিপাশার বিপরীতে। এছাড়াও নাটকটিতে শিপনের বিপরীতে অভিনয় করবেন আরো এক নায়িকা। তিনি সামিয় অথৈ।নাটকে অভিনয় করা প্রসঙ্গে শিপন বলেন, ‘নাটকে অভিনয় করা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। আসলে ঈদের নাটক বলেই এই কাজটি করছি। তাছাড়া রোমান্টিক গল্পের এই নাটকটিতে আমার চরিত্রটি বেশ পছন্দ হয়েছেন। আশা করছি ভালো লাগবে দর্শকের।’ছোট পর্দায় নিয়মিত হবেন কি না এমন প্রশ্নের জবাবে শিপন বলেন, ‘নিয়মিত হবার ইচ্ছে নেই। তবে ভালো গল্প ও চরিত্র পেলে নাটক কিংবা টেলিছবিতে কাজ করতেই পারি। অনেকেই তো চলচ্চিত্র এবং ছোট পর্দাতে একসঙ্গে কাজ করছেন।’শিপন জানালেন, ‘ভালোবাসার শেষপ্রান্তে’ নাটকটি দৃশ্যধারণ চলছে প্রিয়াংকা শুটিং হাউসে। এটি আগামী ঈদুল ফিতরে এনটিভিতে প্রচার হবার কথা রয়েছে।এদিকে শিপন সম্প্রতি মালয়েশিয়াতে শুটিং করে এসেছেন দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ছবির জন্য। এছাড়াও তিনি কাজ করছেন ‘জান রে’ ছবিতে। নতুন করে শুরু করবেন ‘চল পালাই’ ও ‘দলিল’ ছবির কাজ।এলএ/আরআইপি