কুমিল্লায় কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ডিএনএ প্রতিবেদন পেতে মামলার তদন্ত সংস্থা সিআইডি ও আদালতকে চিঠি দিয়েছে দ্বিতীয় ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ড।রোববার কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামদা প্রসাদ সাহা এ চিঠি দেন।জানা যায়, গত ২০ মার্চ রাতে সোহাগী জাহান তনুর মরদেহ কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউজ এলাকার পাশের একটি জঙল থেকে উদ্ধার করা হয়। পরদিন ওই ঘটনায় তনুর বাবা ইয়ার হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ ও ডিবির পর বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি। গত ৩০ মার্চ কবর থেকে তনুর মরদেহ উত্তোলন করে দ্বিতীয় দফায় ময়নাতদন্ত করা হয় এবং ডিএনএ আলামত সংগ্রহ করা হয়। এদিকে, সোহাগী জাহান তনুর ডিএনএ প্রতিবেদন পেতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীমের নিকট চিঠি পাঠানো হয়েছে।তনুর দ্বিতীয় ময়নাতদন্তের জন্য গঠিত তিন সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান ও কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামদা প্রসাদ সাহার পাঠানো ওই চিঠিটি রোববার সিআইডির তদন্ত কর্মকর্তার নিকট পৌঁছে। চিঠিটি অবগতির জন্য কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত ও কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষের নিকট পাঠানো হয়। ওই চিঠিতে তিনি সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্তের জন্য পুনরায় কবর থেকে মরদেহ উত্তোলনের পর তদন্ত সংস্থা সিআইডি কর্তৃক সংগৃহীত নমুনার ডিএনএ অ্যানালাইসিস ও পরীক্ষার প্রতিবেদন চেয়েছেন। এ বিষয়ে সন্ধ্যায় ডা. কামদা প্রসাদ সাহা জানান, দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন দাখিলের স্বার্থেই সিআইডির নিকট ডিএনএ প্রতিবেদন চাওয়া হয়েছে। সহসাই দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন দেয়া হবে বলেও জানান তিনি। কামাল উদ্দিন/এআরএ/পিআর