এবার ফেরিওয়ালার হাড়ি-পাতিলের ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বিজিবি। এ সময় সিএনজির চালকসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। আটকরা হলেন- শরীয়তপুর জেলার জাজিরা থানার বড় গোপালপুর এলাকার জয়নাল শেখের ছেলে মো. সাদ্দাম হোসেন এবং সিএনজি চালক টেকনাফের সাবরাং এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আহম্মদ হোসেন (৩২)। টেকনাফ-২ বিজিবি সূত্র জানায়, দমদমিয়া চেকপোস্টে দায়িত্বরত হাবিলদার মো. নওশের আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সিএনজিচালিত অটোরিকশাতে তল্লাশি চালায়। এ সময় সিএনজিতে রাখা হাড়ি-পাতিলের ভেতর থেকে একটি ইয়াবার পুটলা উদ্ধার করা হয়। পরে গুণে ১১ হাজার ইয়াবা পাওয়া যায়।অবৈধ মাদক বহনের দায়ে সিএনজি গাড়িটিও জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা ও সিএনজিসহ জব্দকৃত মালামালের বাজার মূল্য প্রায় ৩৮ লাখ ১০ টাকা। আটক আসামিদের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চত করেছেন। সায়ীদ আলমগীর/এসএস/আরআইপি